নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি’২০২০ :-

দলিত হওয়ায় আবারও এক ব্যক্তিকে পিটিয়ে মারা হল। তামিলনাড়ুর ভিল্লুপুরমের ২৪ বছর বয়সী এক দলিত যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল উচ্চবর্ণের লোকেদের ওপর। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শক্তিভিল নামে ওই দলিত যুবকের হাত পা বেঁধে তাকে মাটিতে বসিয়ে রাখা হয়েছে। তাঁকে ঘিরে রয়েছে বেশকিছু লোকজন। একজন তাঁকে মারধর করছে বলেও দেখা গেছে ওই ভিডিওতে। এছাড়াও রাস্তার পাশে একটি মোটর সাইকেলও পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, শক্তিভিল নামের ওই যুবক মাঠে কর্মরত এক মহিলার ছবি তোলেন। তারপরেই এই ঘটনা ঘটে।
কিন্তু নিহতের পরিবারের দাবি, কৃষি জমিতে মলত্যাগ করার জন্যই তাঁকে মারধর করেছে উচ্চবর্ণের লোকজন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে বাঁধা এবং মুখ দিয়ে রক্ত পড়া অবস্থায় উদ্ধার করেন তারা। তারপর তার পরিবারকে জানানো হলে তাঁরা শক্তিভিলকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করেন এবং তাঁকে বাড়িতে নিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তার কিছুক্ষণ পরেই শক্তিভিলের মৃত্যু হয় বলে জানা গেছে।