নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ফেব্রুয়ারি’ ২০২০ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল
শাহিনবাগের বিক্ষোভ নিয়ে বড়ো নির্দেশিকা শীর্ষ আদালতের। কোনো সরকারি রাস্তার উপর এভাবে অনির্দিষ্টকাল ধরে বিক্ষোভ চলতে পারে না বলে জানাল সুপ্রীম কোর্ট। শাহিনবাগ নিয়ে কেন্দ্র ও দিল্লি পুলিশকে এরকম নির্দেশিকাই দিল সুপ্রীম কোর্ট। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগের আন্দোলনকারীদের উচ্ছেদ করার আবেদন করা হল। আগামী ১৭ ফেব্রুয়ারি দেশের শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। নাগরিকত্ব আইন, এনআরসি এবং এনপিআর এর বিরুদ্ধে প্রায় ২ মাস থেকে দিল্লির শাহিনবাগে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ। ওই বিক্ষোভকারীদের মধ্যে মহিলা এবং শিশুরাও আছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, “বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলেছে। সাধারণ এলাকায় এই ভাবে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলতে পারে না। অবস্থান বিক্ষোভের জন্য কোনো জায়গা চিহ্নিত করা থাকলে সেখানে বিক্ষোভ হতে পারে”।
শাহিনবাগের এই বিক্ষোভের কারণে গত ২ মাস থেকে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রাজধানীর মানুষকে। দিল্লির রাজপথে যানজটের ফলে প্রায় অবরুদ্ধ অবস্থা পরিণত হচ্ছে প্রায়ই। অফিস বা স্কুল-কলেজ যাত্রীদেরও চরম সমস্যা হচ্ছে।