নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ ফেব্রুয়ারি’২০২০ :-

জামিয়া মালিয়ার পর এবার গুলি চলল শাহিনবাগের প্রতিবাদীদের ওপর। জামিয়া মালিয়ার আন্দোলনকারীদের ওপর গুলি চলার ঠিক দুদিন পরে একইভাবে শাহিনবাগের আন্দোলনকারীদের ওপর গুলি চালালেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, শনিবার বিকাল ৫টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি শাহিনবাগের আন্দোলনকারীদের সামনে এসে চিৎকার করে বলতে থাকে “এই দেশে শুধু হিন্দুদের কথাই চলবে”। কথা শেষ করতেই হাওয়ায় দুবার গুলি চালায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গুলির আওয়াজ শুনে ভয়ে ছোটাছুটি শুরু করেন আন্দোলনকারীরা।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধরে মারধোর করেন এবং পুলিশের হাতে তুলে দেন।
পরবর্তীতে, দিল্লী পুলিশের ডিসিপি চিন্ময় বিশওয়াল সাংবাদিক সাক্ষাতকারে জানান, ওই ব্যক্তিকে স্থানীয়দের সাহায্যে পুলিশ ধরতে পেরেছে। তাকে গ্ৰেফতার করা হয়েছে এবং পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম কপিল গুজ্জার জানিয়েছেন।
তিনি আরও জানান, আমরা আন্দোলনকারীদের সুরক্ষার জন্য তাদের আন্দোলনের জায়গা পরিবর্তন করতে বলেছি।