“জাতীয়তাবাদ শব্দের ব্যবহার বন্ধ করুন, এটি হিটলারের কথা মনে করায়” : স্পষ্টবক্তা মোহন ভাগবত |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ফেব্রুয়ারি’২০২০ :-

জাতীয়তাবাদ শব্দটি অ্যাডলফ হিটলারের নাৎসিবাদের অর্থ বহন করে। এই শব্দ ব্যবহার করবেন না, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, এই শব্দটি থেকে মানুষের মনে অ্যাডলফ হিটলারের নাৎসিবাদের ধারনা নিয়ে আসে।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক পত্রিকা সূত্রে খবর, রাঁচিতে আরএসএস-এর এক অনুষ্ঠানে মোরাবাদির মুখার্জি বিশ্ববিদ্যালয়ে একথা বলেন মোহন ভাগবত। ব্রিটেনের এক আরএসএস কর্মীর সঙ্গে কথা বলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘জাতীয়তাবাদ শব্দটা ব্যবহার করবেন না। জাতি বলুন চলবে, জাতীয় বলুন চলবে, জাতীয়তা বলুন চলবে। জাতীয়তাবাদ বলবেন না। জাতীয়তাবাদ মানে দাঁড়িয়ে যায় হিটলার, নাৎসিবাদ।”
রাঁচির অনুষ্ঠানে তিনি বলেন, দেশে অশান্তি চলছে মৌলবাদের কারণে। ভারতের নীতি হল এরকম যে, না নিজে দাস হব, না কাউকে দাস বানাব। সকলকে এক করার ক্ষমতা রয়েছে ভারতের। ভারতীয় সংস্কৃতি হল হিন্দু সংস্কৃতি। বৈচিত্র সত্ত্বেও ভারতের প্রতিটি নাগরিক অন্যের সঙ্গে যুক্ত।

তিনি আরও বলেন, ভারতকে বিশ্বনেতা বানানোর লক্ষ্যে আরও প্রসারিত হচ্ছে আরএসএস। দেশ এগোলে সঙ্ঘও হিন্দুত্বের অ্যাজেন্ডা নিয়ে আগাবে।
তিন‌ি জানান, ‘‘ভারতকে বিশ্বনেতা হতে হবে। ভারত দেশ হিসেবে অগ্রসর হলে তা সারা পৃথিবীকে সাহায্য করবে।”

Leave a Reply

error: Content is protected !!