নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ফেব্রুয়ারি’২০২০ :-

লোহার রড ঢুকিয়ে দেওয়া হল এক যুবকের পায়ুদ্বারে। শাস্তির বিধান হিসেবেই ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড। যুবকের অপরাধ, সে একটি মোবাইল ফোন চুরি করেছিল। এমন চমকে যাওয়া ঘটনাই ঘটেছে রাজস্থানের বারমার জেলায়। ঘটনা প্রকাশ্য আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। রাজস্থানের বারমার জেলায় মোবাইল ফোন চুরির অপরাধে ২২ বছরের এক মুসলিম যুবককে মারধোর এবং গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, গত ২৯ শে জানুয়ারি এই ঘটনাটি ঘটে কিন্তু প্রকাশ্যে আসে সোস্যাল মিডিয়ায় ভিডিও ছড়ানোর পর। এর আগেও এরকম একটি ঘটনার কথা উঠে এসেছে যেখানে এক দলিত যুবককে মারধোর করে তার দেহে পেট্রোলে ডোবানো স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মুসলিম যুবকের দাদা বারমার পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার অভিযোগ, তার ভাইকে প্রথমে অপহরণ করা হয় এবং তারপর তাকে এক জনমানবহীন জায়গায় নিয়ে গিয়ে তার ওপর শারীরিক অত্যাচার করা হয়। তিনি বলেন, সেখানে তার ভাইয়ের গোপনাঙ্গে লোহার রডও ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে ২৯ শে জানুয়ারি কিন্তু তার ভাই ভয় পেয়ে ঘটনাটি বাড়িতে বলেনি বলে তিনি জানান। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে তিনি ঘটনাটি জানতে পারেন বলে তিনি জানিয়েছেন।
ওই যুবক শহরের বাইরে আছে বলে তার বয়ান নেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মতে, ওই ভিডিওতে যুবকটিকে মারধোর করতে দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে কোথাও ওই যুবকের গোপনাঙ্গে লোহার রড ঢোকাতে দেখা যায়নি।
পুলিশ জানিয়েছে, আমরা দুজন ব্যক্তিকে গ্ৰেফতার করেছি। তাদের জিজ্ঞাসবাদ চলছে। ওই যুবকটি তাদের মধ্যে একজনের মোবাইল চুরি করার ফলে তারা তাকে মেরেছে বলে জানিয়েছে।