নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৬ডিসেম্বর’১৯:-

হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হল হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তের। জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ তদন্তের জন্য তাঁদের ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। সেখান থেকেই পালানোর চেষ্টা করে তাঁরা। তারপরই পুলিশের গুলিতে মৃত্যু হয় বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিনশনার।
পুলিশ সূত্রের খবর, তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করার কাজ করছিল পুলিশ। তখনই তাদের নিয়ে হায়দরাবাদের ৪৪ নম্বর জাতীয় সড়কের নিয়ে যাওয়া হয়, যেখানে গত সপ্তাহের বুধবার তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করে তারা। তখন ঘড়িতে ভোর সাড়ে তিনটে৷ পুলিশি প্রহরা ছিল যথেষ্ট৷ গোটা এলাকা ছিল কুয়াশায় মোড়া। সেই সুযোগেই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা৷ তখনই এনকাউন্টার করা হয়৷
এনকাউন্টারের খবরে ওই তরুণীর পরিবার প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছে৷ তাঁরা খুশি বলেও জানিয়েছেন৷ এ দিনের এনকাউন্টার মনে করিয়ে দিল বছর কয়েক আগে আর একটি ঘটনাকে, সেবার অ্যাসিড হামলায় আক্রান্ত হয়েছিলেন এক তরুণী৷ সেই ঘটনার পরদিনই এনকাউন্টারে মৃত্যু হয়েছিল অভিযুক্তের৷
