নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯আগস্ট’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল
ছয় ধরনের প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ হতে চলেছে গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ২০২২ সালের মধ্যে, প্লাস্টিক মুক্ত ভারত গড়তে চান তিনি। সেই জন্য পরিবেশ বাঁচাতে, এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। নিষিদ্ধ দ্রব্যের মধ্যে আছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোট বোতল, স্যাসে। আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে পরিবেশ বাঁচাতে এই সিদ্ধান্ত কেন্দ্রের। সরকারি সূত্রের খবর, এই ধরনের দ্রব্য আমদানী, নির্মাণ ও ব্যবহার নিষিদ্ধ করা হবে।
উল্লেখ্য, বিশ্ব উষ্ণায়নের জেরে সারা পৃথিবী জুড়ে প্লাস্টিক দূষণ সচেতনতা তৈরী করা হয়েছে। নানা দেশ ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। সেই একই পথে হাঁটতে চলেছে এবার ভারত। মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত কার্যকর হলে দূষণ এক ধাক্কায় অনেকটা কমে যাবে। বর্তমানে মারা যাচ্ছে বহু প্রাণী, গলে যাচ্ছে মেরু প্ৰদেশের বরফ, বাড়ছে উষ্ণতা, ধ্বংস হচ্ছে অরণ্য। মানুষের খাদ্যেও তার প্রভাব পড়ছে। প্রসঙ্গত মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে ৫ থেকে ১০ শতাংশ বার্ষিক প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমে যাবে।