নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ডিসেম্বর’১৯:-

শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরোধী ছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। পিকে শনিবার সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।শনিবার এক টুইটে কংগ্রেসকে বিঁধে প্রশান্তের দাবি, দেশের বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও এনআরসি ইস্যুতে কংগ্রেসের কাছ থেকে প্রত্যাশিত আন্দোলন পাওয়া যাচ্ছে না। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির ভিডিও বার্তার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন রাস্তায় কংগ্রেস নেতৃত্বকে দেখা যাচ্ছে না ও এর শীর্ষ নেতৃত্বও নাগরিকদের আন্দোলনে অংশগ্রহণ করেনি। সংশোধিত নাগরিকত্ব বিলের কঠোর সমালোচকদের মধ্যে একজন প্রশান্ত কিশোর। এনআরসি ইস্যুতেও শুরু থেকেই সরকারকে কাঠগড়ায় তুলে এসেছেন তিনি। সিএএ প্রসঙ্গে এর আগেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সাধারণ নাগরিকরা এই দুই ইস্যুর বিরোধিতায় যে বিক্ষোভ প্রদর্শন করছেন, তাতেও কংগ্রেসের নেতাদের দেখা যাচ্ছে না বলে দাবি করেন প্রশান্ত কিশোর। কংগ্রেস নেতারা মুখে যতই এনআরসির বিরোধিতা করুক। তিনি টুইটে লিখেন, এই সব বিরোধিতার কোনও মানেই হয় না, যদি না কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সাফ জানিয়ে দেন, তাঁদের রাজ্যে এনআরসি হবে না।
