নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২২ জানুয়ারি’২০২০ :-

কেন্দ্রীয় মন্ত্রী নিজেই জানেন না তার বাবা মায়ের জন্মতারিখ । মঙ্গলবার নিজেই এই কথা স্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান বলেন যে সরকার জনসংখ্যা পঞ্জি (ন্যাশনাল পপুলেশন রেজিস্টার) থেকে পিতামাতার জন্মস্থান এবং জন্মতারিখের প্রসঙ্গটি বাতিল করতে পারে ।
বিজেপির জোটসঙ্গী জনশক্তি পার্টি (এলজেপি) এর প্রধান নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রী, রাম বিলাস পাসওয়ান বলেন “এমনকি আমি আমার পিতামাতার জন্ম তারিখও জানি না, তারিখ প্রমাণ করার জন্য নথি তৈরি করার কথা তো ভুলেই যান” । তিনি বলেন, সরকার জনগনের ক্রমবর্ধমান দাবি বিবেচনা করবে এবং তিনি বারবার স্পষ্ট করে বলেন যে পিতামাতার জন্মতারিখ বা জন্মস্থান সংক্রান্ত কোনোরকম নথি দেখানো বাধ্যতামূলক হবে না।
এখনও অবধি এনপিআর ফর্ম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাওয়া যায়নি । বিভিন্ন রাজ্য সরকার যে উক্ত দুটি প্রশ্নকে এনপিআর ফর্ম থেকে সরানো উচিত বলে মনে করেছেন কারণ উত্তরদাতাদের অধিকাংশই তাদের পিতামাতার জন্ম তারিখ এবং জন্মের কোনও প্রমাণ উপস্থাপন করতে পারবেন না।
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী দেশব্যাপী বিক্ষোভের কথায় পাসওয়ান বলেন, “আমি আবার বলতে চাই যে কোনও সরকারই প্রকৃত ভারতীয় নাগরিকের নাগরিকত্ব প্রত্যাহার করতে পারে না, সে দলিত হোক বা সংখ্যালঘু সম্প্রদায়ের,” ।