২৯৩-৮২ ভোটে পাশ হল নাগরিকত্ব বিল : বিরোধিতা তুঙ্গে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯ডিসেম্বর’১৯:-

প্রবল হইহট্টগোলের মধ্যে সোমবার লোকসভায় ২৯৩-৮২ ভোটে পাশ হল নাগরিকত্ব বিল । সোমবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করেন। বিরোধীদের কাছে বিলটি পাস করার জন্য ভোট চান তিনি। শেষ পর্যন্ত বহু প্রশ্নের মাঝে ২৯৩-৮২ ভোটে পাশ হল নাগরিকত্ব বিল। বিলটির বিপক্ষে একজোট হয়েছে প্রায় সব বিরোধী দল। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা। বিলটি ‘অসাংবিধানিক’ বলে সরব হয় তৃণমূল কংগ্রেসও। বিল ঘিরে হইচইয়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। পালটা হইচই জুড়ে দেন বিজেপি সাংসদরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের অবশ্য দাবি, ‘নাগরিকত্ব বিল মুসলিম বিরোধী নয়।’ তবে তুমুল হইহট্টগোলের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপে বাধ্য হন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই বক্তব্য রাখেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের কোনও মুসলিম নাগরিক আমাদের আইন অনুযায়ী নাগরিকত্বের আবেদন করলে আমরা তা বিবেচনা করব।’ একইসঙ্গে ওই দেশগুলিতে যে হিন্দু শিখ বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের প্রতি বৈষম্য করা হয়েছে, লোকসভায় দাঁড়িয়ে তাও বলেন অমিত শাহ। এমন শরণার্থীদের নাগরকিত্ব দেওয়া হবে বলেও জোর গলায় জানান তিনি।

এ দিকে বিলটি নিয়ে সংসদের ভিতরে যেমন তরজা শুরু হয়েছে, তেমনই বিক্ষোভ চলছে বাইরেও। এ দিন বিল পেশের আগে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখান অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর সাংসদ বদরুদ্দিন আজমল। গত বুধবার বিলটি সংসদে পেশ করার ব্যাপারে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার থেকে আগামী ৩ দিন দলের সংসদদের লোকসভায় হাজির থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে বিলটি পাশ করানো নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয় সরকারের। তবে রাজ্যসভাতেই হবে মূল লড়াই।

Leave a Reply

error: Content is protected !!