নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ফেব্রুয়ারি’ ২০২০ :-

১৯৯৩ মুম্বাই হামলার মূল আসামিকে মুম্বাই থেকে পাকিস্তানি পাসপোর্ট সহ গ্ৰেফতার করা হল। মুম্বাই পুলিশ সূত্রের খবর, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূল আসামি মুনাফ হালারি, যিনি সন্ত্রাসী হামলার মূল ষড়যন্ত্রকারী টাইগার মেমনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তাকে মুম্বাই বিমানবন্দরে মাদকজাত দ্রব্য পাচারের মামলায় গ্ৰেফতার করে গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) টিম। জানা গেছে, রবিবার রাতে মুম্বাই বিমানবন্দরে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দুবাই যাওয়ার পথে ধরা পড়েন মুনাফ হালারি। হালারি একটি মাদক মামলায় অভিযুক্ত। পুলিশ মনে করছে যে, গত ২রা জানুয়ারি গুজরাট উপকূলে হেরোইন পাচারের জন্য যে পাঁচজন পাকিস্থানিকে গ্ৰেফতার করা হয়, হালারি তাদের সাথে যুক্ত।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ১৯৯৩ সালের বিস্ফোরণের পরিকল্পনা ও বাস্তবায়নে মুনাফ হালারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছিল। এছাড়াও, মুনাফ হালারি টাইগার মেমনের সহযোগী এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে একাধিক বোমা বিস্ফোরণ ঘটেছিল, যার ফলে ২৫৭ জন মারা গিয়েছিল এবং ৭১৩ জন আহত হয়েছিল।