নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ সেপ্টেম্বর’১৯:-

আবারও মৃত সন্তানকে কোলে নিয়ে হাঁটছে বাবা। সোস্যাল মিডিয়ার দরুন ঘটনার সাক্ষী গোটা দেশ। হাসপাতাল অ্যম্বুলেন্স না দেওয়ায় বাধ্য হয়ে সাত বছরের মেয়ের মৃতদেহ কোলে নিয়ে রাস্তায় হাঁটলেন অসহায় বাবা। উক্ত ঘটনাটি ঘটেছে তেলঙ্গনার করিমনগর জেলায় যেটা তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নিজের জেলা পেড্ডাপল্লির কুনাভরম গ্রামে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিড়ম্বনায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য সরকার।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল সম্পত কুমারের সাত বছরের মেয়ে কোমলতা। তাঁকে করিমনগর জেলা হাসপাতালে ভর্তি করা হলে রবিবার হাসপাতালে মারা যায় নাবালিকা। মৃতদেহ নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স চাইলে তা দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স খারাপ, মৃতদেহ নিয়ে যেতে চাইলে বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিতে হবে। কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো টাকা ছিল না সম্পতের পকেটে। তাই প্রিয় সন্তানের মৃতদেহ নিয়ে ৫০কিমি দূরে গ্রামে যাওয়ার পথে এক অটোচালক তাকে তার গ্রামের বাড়ি পৌঁছে দিয়ে আসেন তিনি। তার মেয়ের দেহ নিয়ে যাওয়ার ঘটনায় উত্তাল গোটা দেশ।