নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ সেপ্টেম্বর’১৯:-

মেয়ে শব্দটার সঙ্গে বাঁধা থাকে জীবনের নানা সংঘাত। মেয়ে জন্যই মেনে চলতে হবে বাধা ধরা নিয়ম। নিয়মের বাইরে গেলেই যত বিপদ। এইরকমই একটি ঘটনার সাক্ষী গ্রেটার নয়ডার মিলক খাতানা গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রী রিতিকা মাভি, বাবার কাছ থেকে উপহার পেয়েছিল একটি রয়্যাল এনফিল্ড বুলেট। সেই বুলেট নিয়েই যত বিপত্তি। বুলেট নিয়েই রিতিকা বেরিয়েছিলেন রাস্তায়, সেটাই সহ্য করতে পারেনি পাড়ার দাদারা। প্রথমে স্থানীয় ছেলেরা তাঁকে বলেছে, বুলেটে তাঁর সওয়ার হওয়া চলবে না, বুলেট নাকি মেয়েদের সওয়ার হওয়ার বাইক না আবার কারো কথায়, মেয়ে হয়ে বুলেটে সওয়ার হলে দেখতে ভাল লাগে না। এতেই থেমে যায়নি তারা। রিতিকার বাড়ি ফেরার সময় তাঁর রাস্তা আটকে শাসাতে থাকে কিন্তু তাতে কোনো লাভ না হওয়ায় বাড়িতে চড়াও হয় তাঁরা। আসলে এনফিল্ড বুলেট মোটরবাইক নিয়ে একটি মেয়ে ঘুরে বেড়াবে, এটা পুরুষতান্ত্রিক সমাজ মেনে নেয়নি। বুলেট নাকি পৌরুষত্বের প্রতীক বলে এই সমাজে বিবেচিত। সূত্রের খবর, প্রথমে সেই যুবকরা বাড়িতে এসে ভয় দেখালে রিতিকা ও তাঁর বাবা তাতে কান দেননি। তারপরই শুন্যে গুলি ছুড়তে থাকে তাঁরা। পুলিশে অভিযোগ জানালেও পুলিসের আগে ঘটনায় নাক গলাচ্ছে পঞ্চায়েত প্রধান। তার দাবী, সেই ছেলেরা রিতিকার পরিবারের কাছে ক্ষমা চাইবে এবং আর রিতিকাকে বুলেট চালানো নিয়ে কিছু বলবে না।