নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৮ সেপ্টেম্বর’১৯ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল
দীর্ঘ কয়েক বছরের ব্যবধান । ফের মুখোমুখি সৌজন্য বৈঠকে মমতা -মোদি । বাংলার শিল্পাঞ্চল থেকে রাস্তার মোড় ,কল কারখানা থেকে রিক্সা স্ট্যান্ড, বুধবার গোটা বাংলাই মেতেছে বিশ্বকর্মা পুজোয় । এই উৎসব মুখর দিনে , দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির হাতে ফুলের তোড়া তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বৈঠক শেষে মমতার বক্তব্য, রাজ্যের নাম বাংলা রাখবার প্রস্তাব নিয়ে সদর্থক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী । এটাই ছিল আজকের মিটিং এর এজেন্ডা আর পাশাপাশি নাগরিক পঞ্জি করন সংক্রান্ত ব্যাপারে বাংলার কাছে এখনো কোন নির্দেশিকা আসেনি এবং এলেও তা জারি হবে না, স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দিল্লির বাসভবনে প্রধানমন্ত্রীর সাথে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে গোটা দেশের রাজনৈতিক আঙিনা ছিল শশব্যস্ত । বাংলায় বিজেপির দ্রুত উত্থান এবং লোকসভা ভোটের পর রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে তৃণমূলের তরফেই তাদের চিহ্নিত করন, রাজনৈতিক রণক্ষেত্রে দুই পক্ষকেই যুযুধান হিসাবে বিবেচিত করেছে । মমতা এবং মোদি, উভয়ই একে অপরের প্রতি রাজনৈতিক হাতিয়ারে শান দিয়েছেন গত কয়েকমাসে , তীব্র ও প্রকটভাবেই । ফলত, গোটা দেশের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে তৃতীয় ফ্রন্টের পুরোভাগে ঢাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অপরদিকে ‘একমেবাদ্বিতীয়ম’ নরেন্দ্র মোদি – এই দুজনের সাক্ষাৎবৈঠক এর দিকে স্বাভাবিক উৎসুকতা নিয়েই তাকিয়েছিল দেশবাসী ।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সচিবালয় তরফে মমতা মোদির বৈঠকের দুটি ছবি টুইটারে প্রকাশ পায় এবং সর্বভারতীয় একটি ইংরেজী মাধ্যম নিউজপেপার সূত্রের খবর , সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির বক্তব্য, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। রাজ্যের নাম বাংলা রাখার ব্যাপারে তিনি সাহায্য করবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে, এনআরসি নিয়ে প্রশ্ন করা হলে মমতা জানান , এই নিয়ে বাংলার প্রতি এখনো কোন নির্দেশিকা আসেনি এবং এলেও তা হবে না ।