নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬নভেম্বর’১৯:-

হার মানবে বলিউডি স্ক্রিপ্টও । যবনিকা পতন আগেই হয়েছে । এবার কুশীলবদের ব্যক্তিগত প্রতিক্রিয়া প্রতিফলনের পালা । এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনদিনের মধ্যে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবীশ। সরকার গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা না থাকার কারণে পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন দেবেন্দ্র ফড়নবীশ। সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার পর ওই বৈঠক থেকেই অমিত শাহ কথা বলেন দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে। বিজেপির একটি সূত্রের দাবি, দেবেন্দ্রকে ইস্তফা দেওয়ার জন্য তখনই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন অমিত শাহ। বুধবার মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ফড়নবীশকে। সুপ্রিম কোর্টের রায়ে বুধবার বিকেল ৫ টার মধ্যে আস্থা ভোট করতে হবে। অজিত পাওয়ার উপ মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার পর বিজেপির কাছে কার্যত সংখ্যা জোগাড় কঠিন হয়ে দাঁড়ায়। সেকারণেই ইস্তফা বলে মনে করছে রাজনৈতিক মহল। সাংবাদিক বৈঠকেও সেই কথাই জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।