নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ফেব্রুয়ারি’২০২০ :-

যেসব প্রার্থীদের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা চলছে তাদের নির্বাচনের টিকিট দেওয়ার ঠিক কি কি কারণ তা তালিকাভুক্ত করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করুন, বৃহস্পতিবার একটি বিস্তারিত বিবৃতিতে রাজনৈতিক দলগুলিকে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও বাড়াতে সুপ্রিমকোর্টের এই উদ্যোগ।
এইদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের পছন্দসই প্রার্থীদের বিস্তারিত বিবরণ কমপক্ষে একটি স্থানীয় সংবাদপত্রে এবং একটি জাতীয় সংবাদপত্রে প্রকাশ করতে হবে । এছাড়াও ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করতে হবে প্রার্থীদের বিবরণ ।
গত ২৪শে জানুয়ারি নির্বাচন কমিশন জানায় যে রাজনীতিকে অপরাধমুক্ত করতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশনা সফল হয়নি । আজ সুপ্রিম কোর্ট ঘোষনা করেছে যে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে একটি কমপ্লায়েন্স রিপোর্ট উপস্থাপন করতে হবে এবং ইসির কাছে সম্মতি রিপোর্ট দাখিল না করা হলে প্রার্থীকে মান্যতা নাও দেওয়া হতে পারে ।