নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য -অন্তর্জাল
এল আই সির বিলগ্নিকরনের প্রতিবাদে পথে নামল কর্মচারীরা, মঙ্গলবার দেশ জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত। ভারতের একমাত্র রাষ্ট্রয়ত্ত বিমা সংস্থা এল আই সির শেয়ার বিক্রির প্রতিবাদে সোমবার দুপুরে পথে নামল এল আই সির কর্মচারীরা। শেয়ার বিক্রির প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত এল আই সির কর্মচারীদের। সোমবার কলকাতার চাঁদনি চকের কাছে এলআইসি ভবনের সামনেও প্রতিবাদে করেন কর্মীরা। তাঁদের বক্তব্য, বিভিন্ন সংস্থা যেখানে লোকসানে ভুগছে, সেখানে এলআইসি শুধু লাভের মুখই দেখছে না, জীবন বিমার ক্ষেত্রে তাদের দখলে রয়েছে ৭৪ শতাংশ বাজার। কিন্তু বাজারে শেয়ার বিক্রির পর এলআইসি-র ভবিষ্যৎ কতখানি সুরক্ষিত থাকবে, প্রশ্ন ওই কর্মীদের।
যদিও কত শতাংশ শেয়ার বাজারে যাবে তা এখনও জানায়নি কেন্দ্র। কেন্দ্রের এই বিলগ্নিকরণ নীতির কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সব বিরোধী নেতা-নেত্রীরা। কলকাতা ডিভিশনের জীবন বিমা কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক অমিতেশ সরকারের বলেন, ‘‘শেয়ার বিক্রির প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে যাব। সরকারি সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলন আরও তীব্র হবে।’’