নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ফেব্রুয়ারি’২০২০ :-

রবিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ করলেন অরবিন্দ কেজরিওয়াল । এই নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি । অনুষ্ঠানে মোতায়েন ছিল বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা । মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নিলেন দিল্লি বিধানসভার নবনিযুক্ত মন্ত্রীরাও ।
আজ সকালেই নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে দিল্লিবাসীকে ‘তাদের ছেলে’র শপথ-গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান কেজরিওয়াল । মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও শপথ গ্রহণ মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফাই কর্মী, স্কুল ছাত্রী, শিক্ষক, বাস চালক, ডাক্তার, অঙ্গনওয়াড়ি কর্মী, সহ মোট ৫০ জন ‘দিল্লির নির্মাতা’ ।
তার শপথ বাক্যে কেন্দ্রীয় সরকারের সাথে মিলেমিশে কাজ করার ইচ্ছা প্রকাশ করে কেজরিওয়াল বলেন, ” নির্বাচন শেষ, সবরকম তিক্ততাও শেষ । আমার বিরুদ্ধে নানা রকম কথা বলার জন্য আমার প্রতিদ্বন্দ্বীদের আমি ক্ষমা করে দিয়েছি । আমি কেন্দ্রীয় সরকারের সাথে মিলেমিশে কাজ করে দিল্লিকে এক নম্বর স্থানে নিয়ে যেতে চাই । আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম ওনার আশীর্বাদ গ্রহণ করে একটি মসৃণ সরকারব্যবস্থা গঠন করার উদ্দেশ্যে । কিন্তু উনি আসতে পারেননি, হয়তো ব্যস্ত আছেন ।”
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরে শপথ নেবেন মন্ত্রী মনীষ সিসোডিয়া, সত্যেন্দ্র জৈন, কৈলাস গেহলোট, গোপাল রাই প্রমুখ । দিল্লি মন্ত্রিসভায় এবারে থাকছেন না কোনো মহিলা ।