নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ফেব্রুয়ারি’২০২০ :-

ভারত সফরে এসে দিল্লির একটি স্কুল পরিদর্শন করবেন আমেরিকার ফার্স্ট লেডি মিসেস মেলানিয়া ট্রাম্প । কিন্তু এই অনুষ্ঠান থেকে বাদ পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ! এমনটাই অভিযোগ জানালো আম আদমি পার্টি । মুখ্যমন্ত্রীর সাথে বাদ পড়লেন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও ।
সূত্রের খবর, কেজরিওয়াল ও সিসোদিয়া দুজনেরই মিসেস ট্রাম্পের স্কুল পরিদর্শন অনুষ্ঠানে তাকে সঙ্গ দেওয়ার কথা ছিল । কিন্তু সম্প্রতি এই পরিকল্পনা পরিবর্তন হয় এবং বাদ পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী ।
মঙ্গলবার মেলানিয়া একাই যাচ্ছেন রাজধানীর একটি সরকারি স্কুল পরিদর্শনে, সাথে থাকছেন না ডোনাল্ড ট্রাম্প । এই স্কুল সফরে মেলানিয়ার প্রধান উপভোগ্য বিষয় হলো ‘হ্যাপিনেস ক্লাস’ বা ‘আনন্দ পাঠ’, দিল্লির সরকারি স্কুল গুলোতে চালু হওয়া একটি বিশেষ কর্মসূচি । দিল্লি সরকারের দাবি, এই বিশেষ কর্মসূচি চালু করেছে আম আদমি পার্টি । অথচ বাইরে থেকে যখন একজন বিশেষ অতিথির কাছে এই কর্মসূচি তুলে ধরার সময় এসেছে তখন শুধুমাত্র রাজনৈতিক কারণে বিজেপি সরকার কেজরিওয়ালের নাম অনুষ্ঠান থেকে সরিয়ে নিলেন ।
মিস্টার অ্যান্ড মিসেস ট্রাম্পের সংক্ষিপ্ত ভারত সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি এবং কংগ্রেস দলের । এবার স্কুল পরিদর্শনের অনুষ্ঠান থেকে নাম বাদ পড়ায় ক্ষুব্ধ আম আদমি পার্টির সদস্যরাও ।