নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ সেপ্টেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল
কৃষকদের থেকে আপেল কিনবে সরকার। ঘোষণা করলেন সরকারি আধিকারিকরা। জানা গিয়েছে, এবার থেকে জম্মু ও কাশ্মীরে চাষ করা আপেল সরকার পরিচালিত এনএফইডি দ্বারা কৃষকদের থেকে কিনবে সরকার। আর সম্পূর্ণ এই প্রক্রিয়াটি করা হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে বলে সরকারি ঘোষণার পর জঙ্গিরা হুমকি দিয়েছে, বাজারে কৃষকদের আপেল বিক্রি করতে দেবে না তারা আর এই পরিপ্রেক্ষিতেই উক্ত পদক্ষেপ নিচ্ছে সরকার। জানা গেছে, কৃষকদের থেকে সরাসরি কেনা হবে আপেল আর অর্থ প্রদান করা হবে কৃষকদের ব্যাংক একাউন্টে।
এই ব্যাপারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, উপত্যকা থেকে প্রায় ৭৫০টি আপেল বহনকারী ট্রাক প্রতিদিন দেশের বাইরে যায়। সেক্ষেত্রে আপেল চাষীদের ভুল বুঝিয়ে চাপ সৃষ্টি করে, আপেল বিক্রি করতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছে জঙ্গিরা। প্রসঙ্গত, হুমকির পরেই গত শুক্রবার দু’জন জঙ্গি সোপোরের এক ফল ব্যবসায়ীর পরিবারের সদস্যদের উপর হামলা চালায় এবং তাতে ব্যাবসায়ীর ২৫ বছরের ছেলে এবং আড়াই বছরের নাতনি আহত হয়েছেন।