নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৬ডিসেম্বর’১৯:-

সমস্ত সরকারি স্কুলে আত্ম-রক্ষার প্রশিক্ষণ দেবে সরকার। বৃহস্পতিবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানান যে কেন্দ্রের ‘সমগ্র শিক্ষা’ কর্মসূচীর আওতায় দেশের সব সরকারি স্কুলে মেয়েদের আত্ম-রক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। দিনের পর দিন ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ড দেশকে নাড়িয়ে দিয়েছে। তার জেরে স্কুলের ছাত্রীদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে কেন্দ্র সরকার। সেই কারণে স্কুলে মেয়েদের আত্ম-রক্ষার প্রশিক্ষণ দেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছে সরকার।
মন্ত্রী বলেন, মেয়েদের আত্ম-রক্ষা, আত্ম-নির্ভর ও আত্ম-বিশ্বাসের দক্ষতা অর্জন, এই উদ্দেশ্যর জন্য তিন হাজার টাকা করে প্রত্যেকটি স্কুলকে তিনমাস পর্যন্ত দেওয়া হবে। বিশেষ ভাবে সক্ষমদের মেয়েদেরকেও আত্ম-রক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। সিবিএসইর পক্ষ থেকে ২০১৫ সালে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, তারা তাদের স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সপ্তাহে একবার ও বছরে দু’বার আত্ম-রক্ষার প্রশিক্ষণ দিতে চায়। যেখানে তারা জুডো, তাইকুণ্ডো এবং বক্সিং এর পাশাপাশি স্কুলে আন্তঃস্কুল ও জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও যোগ দিতে পারবেন পড়ুয়ারা। দেশের বিভিন্ন রাজ্য সরকার মেয়ে ও মহিলাদের সুরক্ষা দিতেই এই ধরনের আত্ম-রক্ষার প্রশিক্ষণ দিতে শুরু করেছে।
