নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৭ নভেম্বর’১৯ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল
যমরাজের হাত থেকে যাত্রীদের সুরক্ষা দিতে ‘যমরাজ’ নিয়োগ করলো ভারতীয় রেল । শুনতে অদ্ভুত লাগলেও ,ভারতীয় রেলের এমন সিদ্ধান্তই আপাতত চমকে দিয়েছে দেশের নেটদুনিয়াকে । সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে ঘুরছে রেলের নিযুক্ত যমরাজের ছবি । রেললাইনে , এক হাতে ভীমকায় গদা, মাথায় শিং ধারী যমরাজের অন্য কাধে এক পদযাত্রী । তাকেই চ্যাংদোলা করে নিরাপদ স্থান অর্থাৎ রেললাইন থেকে প্লাটফর্মে পৌঁছে দিচ্ছেন যমরাজ । অন্যমনস্ক যাত্রীদের সাবধানতা মনে করিয়ে দেওয়া এই সুরক্ষা বিজ্ঞাপন আপাতত সরগরম করেছে ডিজিটাল মিডিয়াকে ।
ঘটনায় প্রকাশ, ভারতীয় রেলের স্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন রেললাইনে যাত্রীদের অবাধ পারাপার একটি পরিচিত দৃশ্য । এইভাবে রেল লাইন পারাপার আইনত দন্ডনীয় অপরাধ বলে গণ্য হলেও কার্যত তা রুখতে প্রায় ১০০% অসফল রেল এবং বহুবারই খবরের শিরোনামে চলে আসে রেল লাইন ধরে হাঁটা যাত্রীর দুর্ঘটনাজনিত মৃত্যুর খবরাদি । এবার যমরাজ নিযুক্ত করে , চমকদার বিজ্ঞাপনের মাধ্যমেই এই সচেতনতা বিজ্ঞাপন নিয়ে এসেছে ভারতীয় রেল ।
খবরে প্রকাশ, পশ্চিম রেলের মুম্বাইয়ের একটি স্টেশনে রেললাইনের পাশে যমরাজের ধড়াচূড়া উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে এক ব্যক্তিকে । আর যে সমস্ত যাত্রী নির্দিষ্ট ফুট ব্রিজ ব্যবহার না করে রেললাইন পার করার মাধ্যমে শর্টকাট মারতে চাইছেন, দেখামাত্র তাদের খপ করে ধরে কাঁধে তুলে সটান রওনা দিচ্ছেন যমরাজ এবং আলতো করে পৌঁছে দিয়ে আসছেন নিরাপদ স্থানে ,অর্থাৎ প্ল্যাটফর্মে । সঙ্গে থাকছে প্রাণহানির আশঙ্কা জনিত উপদেশ বিধিমালা। রেলের এই বিজ্ঞাপন যে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাতে সন্দেহ নেই। কিন্তু আখেরে তা অন্যমনস্ক এবং শর্টকাটে অভ্যস্ত যাত্রীদের কুঅভ্যাস রুখতে কতটা সফল হবে, তা সময়ই বলবে।