নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৩ ফেব্রুয়ারি’২০২০ :-

আবারো গুলি চলল জামিয়ায় ! রবিবার রাতে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ৫ ও ৭ নং প্রবেশদ্বার (যেখানে সিএএ বিরোধী আন্দোলন চলেছে) এর কাছে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেল চেপে এসে লক্ষ্যহীন গুলি চালায় এবং তৎক্ষনাৎ মোটরসাইকেলে চেপেই স্থান ছেড়ে পালিয়ে যায় | ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি |
ঘটনার তদন্তের জন্য পুলিশের কাছে এফআইআর দায়ের করিয়েছে স্থানীয়রা | এফআইআর নিলেও ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ | অতিরিক্ত ডিসিপি (দক্ষিণপূর্ব) কুমার জ্ঞানেশ বলেছেন, “জামিয়া নগরের এসএইচও তার দল নিয়ে ওই জায়গায় গিয়ে এলাকাটি তল্লাশি করেছেন। সেখানে কোনও খালি বুলেট শেল পাওয়া যায় নি। এছাড়াও, অভিযুক্ত দুর্বৃত্তরা যে গাড়িগুলিতে ছিল সেগুলি সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া গেছে। কেউ বলছেন একটি স্কুটার ছিল, আবার কেউ কেউ বলছেন চার চাকাযুক্ত গাড়ি ছিল। ইতিমধ্যে শিক্ষার্থী সহ অনেক লোক থানার বাইরে জড়ো হয়েছে। তাদের অভিযোগ শোনা হবে। আমরা তদন্ত করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”