নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭নভেম্বর’১৯:-

ফের ইতিহাস গড়লো ইসরো। চন্দ্রযান-২ এর পরে এবার তাদের পরবর্তী অভিযান কার্টোস্যাট-৩। এর মহাকাশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যই হল সীমান্তের ওপরে কড়া নজরদারি। বুধবার সকালে ইস্রোর তরফে ঠিক ৯ টা ২৮ মিনিটে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই কথা শেয়ার করে। কাউন্টডাউন শুরু হতে চরম উত্তেজনা ছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অনস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে। এর মধ্যে কার্টোস্যাট -৩ স্যাটেলাইট এর সাথে আছে ১৩ টি ন্যানো স্যাটেলাইট। যার দ্বারা নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তার কাজ আরও ভালো হবে।
ইসরো চেয়ারম্যান কে. শিভন জানিয়েছেন, কার্টোস্যাটের ক্যামেরার রেজোলিউশন এবার ০.২৫ মিটার বা ২৫ সেন্টিমিটার করা হয়েছে। এতদিন ৫০ সেন্টিমিটারের চেয়ে ছোট আকারের কোনও পদার্থকে মহাকাশ থেকে নিখুঁত ভাবে দেখতে পারত না কার্টোস্যাটের পুরনো সিরিজের উপগ্রহের ক্যামেরা। এ বার কার্টোস্যাট-৩-এর ক্যামেরা ২৫ সেন্টিমিটার আকারের পদার্থকেও মহাকাশ থেকে ভাল ভাবে দেখতে পারবে। তিনি আরও জানান, ভারতীয় সেনাবাহিনীর কাছে শত্রুঘাঁটির গোপন খবর পৌঁছে দেবে এই উপগ্রহ।বিশেষজ্ঞদের মতে, মহাকাশে ভারতের ‘তৃতীয় নয়ন’ হয়ে উঠবে কার্টোস্যাট।জঙ্গিদের প্রতি মুহূর্তের গতিবিধি ভারতের সেনার হাতে তুলে দেবে এই উপগ্রহ। তাহলে এই ইসরোর মুকুটে যে ফের এক নতুন পালক যোগ হল তা কিন্তু স্পষ্ট।