নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

করোনভাইরাস-আক্রান্ত চীনের হুবেই প্রদেশে আটকে পড়া পাকিস্তানি শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কাজে সাহায্য করতে পারে ভারত সরকার । বৃহস্পতিবার এমনটাই জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ।
যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আবেদন এখনও আসেনি, তবুও “যদি পরিস্থিতি সেরকম হয়” এবং সবরকম সংস্থান উপলব্ধ থাকে তাহলে ভারত সরকার বিষয়টি বিবেচনা করে দেখবে ।
করোনাভাইরাস-ক্ষতিগ্রস্থ উহান শহরের আটকে পড়া শতাধিক পাকিস্তানি শিক্ষার্থী ইমরান খানের সরকারকে চীনের সবচেয়ে ক্ষতিগ্রস্থ হুবেই প্রদেশ থেকে তাদের সরিয়ে নেওয়ার জন্য মরিয়া অনুরোধ জানিয়েছে এবং প্রয়োজনে ভারত সরকারের সাহায্য প্রার্থনার কথাও বলা হয়েছে ।
পাকিস্তানি শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে এবং ভারত তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত সহায়তা করতে পারে কিনা এই প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছিলেন, “পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ জাতীয় অনুরোধ আমাদের কাছে আসে নি। তবে যদি এমন পরিস্থিতি দেখা দেয় সেক্ষেত্রে উপলব্ধ সংস্থানগুলিকে মাথায় রেখে আমরা তা বিবেচনা করে দেখতে পারি।” তবে, অনুরোধটি বিবেচনার জন্য সুনির্দিষ্ট প্রাক-শর্তগুলি কী হবে তা তিনি পরিষ্কার করে বলেননি ।