নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১১ সেপ্টেম্বর’১৯ :-

কোনও ভাটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি (ইভিপি)-র সূচনা করেছে। পয়লা সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, চলবে আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত।
এই কর্মসূচির মাধ্যমে যে কোনও ব্যক্তি ভোটার তালিকায় নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন তথ্য যাচাই করে নিতে পারবেন। প্রয়োজনে তথ্য সংশোধন এবং প্রামান্য নথি আপলোডও করতে পারবেন।
তথ্য বিবরণ যাচাই করার জন্য ৫টি ধাপ রয়েছে।
১. প্রথমে কোনও ভোটার তাঁর নিজের ভোটার কার্ড ও মোবাইল নম্বর দিয়ে www.nvsp.in-এ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. এরপর নিজের নাম, জন্ম তারিখ-বয়স, লিঙ্গ, সম্পর্কের ধরণ/নাম, ঠিকানা ইত্যাদি যাচাই করে নিতে হবে।
৩. ভোটার তালিকা বা ফটোতে তথ্য পরিবর্তন করার দরকার হলে সঠিক তথ্য আপলোড করতে হবে এবং অনলাইনে ৮ নম্বর ফর্ম জমা দিতে হবে। প্রয়োজনে নাম বিয়োজনের জন্য ৭ নম্বর ফর্ম আপলোড করতে হবে।
৪. যদি সব বিবরণ ঠিক থাকে তাহলে নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত- ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, রেশন কার্ড, সরকার/আধা সরকারি সংস্হার কর্মচারিদের প্রদত্ত স্বচিত্র প্রামান্যপত্র, কৃষকদের স্বচিত্র প্রামান্য নথি, ব্যাঙ্কের পাসবই, প্যান কার্ড, এনপিআর-এর আওতাধীন আরজিআই কর্তৃক প্রদত্ত নথি, আবেদনকারী অথবা পিতা-মাতার নামের বসবাসকারী ঠিকানায় গৃহিত সাম্প্রতিক জল/ টেলিফোন/ বিদ্যুৎ বা গ্যাসের বিলের মধ্যে যে কোন একটি নথী আপলোড করতে হবে।
৫. শেষে নিজের নির্বাচন কেন্দ্র সম্পর্কে অভিমত জানাতে হবে।
এই নির্বাচক তথ্য যাচাই কর্মসূচির মাধ্যমে বেশকিছু সুবিধাও পাবেন ভোটাররা।
এই কর্মসূচির মাধ্যমে কমিশনের পোর্টালে নিবন্ধভুক্ত ভোটার হিসেবে স্হায়ী অন্তর্ভুক্তি হয়ে যাবে। এসএমএসের মাধ্যমে তথ্যের বিনিময় ও অ্যালার্ট, ইআরও এবং বিএলও-র সাথে যোগাযোগের সুবিধা পাবেন ভোটাররা। কোনও ভোটারকে অবহিত না করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবেনা। নির্বাচন চলাকালীন নির্বাচন সংক্রান্ত তথ্য ভোটাররা মোবাইল বা ইমেল-এর মাধ্যমে পাবেন। ভোটার তালিকায় পরিবারের সকল নির্বাচক সদস্যের একই স্হানে অবস্হানের সুবিধা পাওয়া যাবে। প্রতিবন্ধকতাযুক্ত নির্বাচকের জন্য বিশেষ সুবিধাও মিলবে।
ওয়েবসাইট ছাড়াও গুগল প্লে-স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করেও নির্বাচক তথ্য যাচাই করা যাবে। এছাড়াও নিকটবর্তী ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে তথ্য যাচাই করে নিতে পারবেন যেকোন ভোটার। প্রয়োজনে ভোটার হেল্পলাইন নম্বর ‘১৯৫০’-এ ফোন করতে পারবেন ভোটাররা।