নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ফেব্রুয়ারি’২০২০ :-

শনিবার, হরিয়ানার সনিপথ এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর দীপাংশু রাঠির মৃতদেহ । সহকর্মী প্রীতি আহ্লাওয়াত এর হত্যায় মূল অভিযুক্ত ছিলেন দীপাংশু । দিল্লি পুলিশ জানিয়েছে, যেই রিভলবার দিয়ে প্রীতি আহ্লাওয়াতকে গুলি করে মারা হয় সেই রিভলবার দিয়েই নিজেকেও গুলি করে আত্মহত্যা করেন দ্বীপাংশু ।
২০১৮ সালে দিল্লি পুলিশে যোগ দেন প্রীতি আহ্লাওয়াত । পাৎপর্গঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানায় কর্মরতা প্রীতি নিজের বাড়ি ফেরার পথে রোহিণী বলে একটি জায়গার কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হন । তদন্তে জানা যায়, তারই ব্যচমেট দীপাংশু রাঠিকে ঘটনাস্থলে দেখতে পাওয়া গিয়েছিল । পুলিশের স্বাভাবিক সন্দেহ গিয়ে পড়ে দীপাংশুর ওপর ।
শনিবার, ভোর ৩ টে নাগাদ হরিয়ানা পুলিশ জানায় কর্নাল টোল প্লাজা এলাকায় একটি গাড়িতে জনৈক পুলিশ কর্মীর মৃতদেহ পাওয়া গিয়েছে । পরবর্তীতে সেই মৃতদেহকে এস আই দীপাংশু রাঠির মৃতদেহ বলে শনাক্ত করা হয় । পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা । বিস্তারিত তদন্ত চলছে ।