দিল্লীর সংঘর্ষ নিয়ে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল: দিল্লী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ফেব্রুয়ারি’২০২০ :-

উত্তর-পূর্ব দিল্লীর সংঘর্ষ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পুলিশের সামনেই রাজধানীতে হিংসা ছড়িয়ে পড়েছে অথচ পুলিশ কিছুই করতে পারেনি বললেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন, এর কারণ একটাই, নির্দিষ্ট আদেশ না পেলে কোনও পদক্ষেপ নেয় না দিল্লি পুলিশ। সোমবার উত্তর- পূর্ব দিল্লিতে সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন, আহত শতাধিক। নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে থাকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দিল্লিতে।
মঙ্গলবার এবিষয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সাক্ষাৎকারে বলেন, “পুলিশ কর্মীরা তাঁদের উর্ধ্বতন আধিকারিকদের কাছ থেকে কোনও আদেশ না পাওয়ায় কিছুই করতে পারেনি। আমি অমিত শাহ জির সঙ্গে এই নিয়ে কথা বলবো। উপরতলা থেকে কোন আদেশ না পেলে তাঁরা কাঁদানে-গ্যাস ছুঁড়বেন নাকি লাঠিচার্জ করবেন সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না”।
তিনি আরও বলেন, “যে পুলিশ কনস্টেবল মারা গেছেন বা যাঁরা আহত হয়েছেন তাঁরা অন্য কেউ নন, তাঁরা আমাদেরই মধ্যে থাকতেন, তাঁরা দিল্লির মানুষ। বর্তমানে দিল্লির পরিস্থিতি সুবিধার নয়। ভেবে দেখুন, এই সময় যাঁদের বাড়িঘর ও দোকানপাট পুড়ে গেছে, তাঁরাও তো মানুষ, তাঁদেরও তো পরিবার আছে”।

Leave a Reply

error: Content is protected !!