নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ফেব্রুয়ারি’২০২০ :-

উত্তর-পূর্ব দিল্লীর সংঘর্ষজনিত এলাকার দায়িত্বে অজিত দোভাল। নাগরিকত্ব আইনের ফলে উত্তর-পূর্ব দিল্লীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দিয়েছে গত কয়েকদিন থেকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সংঘর্ষজনিত এলাকায় শান্তাবস্থা ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় তিনি সংঘর্ষ কবলিত এলাকায় যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইনশাল্লা, এখানে শান্তি ফিরবে”।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোলাল জানান, “পরিস্থিতি পুরোই নিয়ন্ত্রণে। মানুষ সন্তুষ্ট। আইন বিভাগের ওপর আমার আস্থা আছে। পুলিশ তাদের কাজ করছে”।
উল্লেখ্য, দিল্লীতে নাগরিকত্ব আইন নিয়ে সংঘর্ষের ফলে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ২০০ এর বেশী।
অজিত দোভাল বলেন, তাঁকে উত্তর পূর্ব দিল্লিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, ফলে সংঘর্ষে উত্তপ্ত এলাকায় অজিত দোভালকে পাঠানো নিয়ে ভ্রু কুঁচকেছেন অনেকেই।
প্রসঙ্গত, বুধবার সকালে নতুন করে অশান্তি ছড়িয়েছে উত্তর-পূর্ব দিল্লীতে। এদিন অগ্নিসংযোগ ও পাথর ছোঁড়ার খবর পাওয়া গেছে। ভজনপুরায় একটি ব্যাটারির দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে।