নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ফেব্রুয়ারি’২০২০ :-

রাজধানীতে শুরু হল ভোট যুদ্ধ। শনিবার সকাল ৮ টা থেকে রাজধানী দিল্লীতে ভোট যুদ্ধ শুরু হল মূলত নরেন্দ্র মোদীর বিজেপি এবং অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি কে কেন্দ্র করে। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বিধানসভা নির্বাচন এবং আগামী ১১ই ফেব্রুয়ারি ফল প্রকাশ হবে দিল্লীর বিধানসভা নির্বাচনের। ৭০টি আসন বিশিষ্ট দিল্লী বিধানসভায় প্রায় ১ কোটি ৪৮ লক্ষ ভোটার তাদের ভোটদান করবেন।
দিল্লীর আসন কি আবারও কেজরীবালের হাতে থাকবে নাকি মোদির বিজেপি দিল্লী রাজনীতির হাওয়াবদল ঘটাবে, তা নিয়ে সরগরম রাজধানীর নির্বাচন। এবারের নির্বাচনে প্রায় ২ লক্ষ নতুন ভোটার রয়েছেন। ২ হাজার ৭০০ টি পুলিং স্টেশন ও ১৩ হাজার পুলিং বুথ তৈরি করা হয়েছে দিল্লী বিধানসভা জুড়ে।
শনিবার সকালে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “আজ দিল্লীর বিধানসভা নির্বাচন। সব ভোটারের কাছে আমার আবেদন, আপনারা গণতন্ত্রের এই উৎসবে অধিক সংখ্যায় অংশগ্রহণ করুন। বিশেষ করে আমার নতুন প্রজন্মের বন্ধুরা।”
আম আদমি পার্টির মূখ্য অরবিন্দ কেজরীবাল
দিল্লির মহিলা ভোটারদের ভোটদানের আহ্বান জানিয়ে টুইটে লিখেছেন, “আপনারা যেমন ঘরের সমস্ত দায়িত্ব সামলান, তেমনই দেশ ও দিল্লির দায়িত্বও রয়েছে আপনাদের কাঁধে। আপনারা নিজেরাও ভোট দিতে যান। সঙ্গে ঘরের পুরুষদেরও ভোট দিতে নিয়ে যান। ঘরের পুরুষদের সঙ্গে আলোচনা করুন কাকে ভোট দেওয়া উচিত।”