নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ নভেম্বর’১৯:-

আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ‘মহা’। আপাতত খবরের শিরোনামে এই ঘূর্ণীঝড়। ঝড়ের রূপ হবে ভয়ঙ্কর, সতর্ক করছে মৌসম ভবন। আপাতত আরব সাগরে অবস্থান এই ঝড়ের, এগিয়ে আসছে উপকূলের দিকে। সূত্রের খবর, মৌসম ভবনের তরফে বলা হয়েছে আগামী ৬ নভেম্বর রাতে গুজরাত উপকূলে দ্বারকা ও দিউ-র মধ্যবর্তী অঞ্চলে এই ঝড় আছড়ে পড়বে, তার জেরে প্রবল বৃষ্টিপাত হবে পরের দিন। আরো জানা গেছে আরব সাগরে ‘মহা’ সাইক্লোন পশ্চিম দিকে যাচ্ছে, আপাতত গুজরাত উপকূল থেকে প্রায় ৫৯০ কিলোমিটার দূরে রয়েছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে গুজরাত উপকূলে আছড়ে পড়বে সেই ঝড়, গতিবেগ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
প্রসঙ্গত, পশ্চিম উপকূলে জারি করা হয়েছে সতর্কবার্তা। কেরল থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাতের প্রশাসন ‘মহা’র মোকাবিলায় সতর্ক। প্রস্তুত রাখা হয়েছে নৌসেনা থেকে শুরু করে বায়ুসেনা, উপকূলরক্ষীবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা দলসহ সকলকে। ফাঁকা করে দেওয়া হয়েছে উপকূলবর্তী অঞ্চল। জানা গেছে, বৃষ্টি খুব বেশি না হলেও সমুদ্র থাকবে উত্তাল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসম ভবন বলছে, কিয়ার ও মহা দুটি ঝড় একসঙ্গে আরব সাগরের উপর অবস্থান করছে, যা ৫০ বছরের ইতিহাসে আর ঘটেনি। আরব সাগরের উপর দুই ঘূর্ণিঝড়ের অবস্থান নজিরবিহীন।