নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ জানুয়ারি’২০২০ :-

মজুরদের চিঁড়ে খেতে দেখে তাদের বাংলাদেশী বলে সন্দেহ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ! তার পর থেকেই ইন্টারনেট দুনিয়ায় প্রবল শোরগোল পড়ে যায় ।
বৃহস্পতিবার ইন্দোরে সিএএ এবং এনআরসির সমর্থনে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহন করতে গিয়ে তার এই সন্দেহের কথা জানান কৈলাশ । তিনি জানান কিছুদিন আগে তার বাড়ির কাজে নিযুক্ত কয়েকজন শ্রমিককে একটি “অদ্ভুত” জিনিস তিনি খেতে দেখেন । জিনিসটি আর কিছুই নয়, পোহা বা চিঁড়ে ! তিনি বলেন, “আমি সন্দেহ করি যে এই শ্রমিকরা বাংলাদেশের বাসিন্দা ছিল। আমার সন্দেহ হওয়ার দু’দিন পর থেকে তারা আমার বাড়িতে কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি এখনও পুলিশের কাছে কোনোরকম অভিযোগ দায়ের করি নি। মানুষকে সতর্ক করার জন্য আমি কেবল এই ঘটনাটি উল্লেখ করেছি।”
কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে জামাকাপড় দেখেই চেনা যায় যে কে সন্ত্রাসবাদী । ইন্টারনেট দুনিয়ার একাংশ মনে করছেন এবার প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটলেন তারই দলের নেতা । স্যোশাল মিডিয়ায় চলছে নিরন্তর ট্রোলিং । অনেকেই আবার বলেছেন যে চিঁড়ে বা পোহা ভারতে একটি প্রচলিত জলখাবার, চিঁড়ে খাওয়ার সাথে বাংলাদেশী হওয়ার কোনো বাস্তব সম্পর্ক নেই !
বৃহস্পতিবার তার এই মন্তব্যের পরে কৈলাশ বিজয়বর্গীয় অবশ্য বলেন যে এনআরসি নিয়ে দেশবাসীর আশঙ্কার কোনো কারন নেই । দেশের প্রকৃত নাগরিক হলে তাদের নাগরিকত্ব কেউ খর্ব করতে পারবে না ।