নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৭ ডিসেম্বর’১৯:-

পাঁচ বছরে ‘উধাও’, হয়ে গেছে প্রায় তিন লক্ষাধিক শিশু । এককথায় পাচার হয়েছে এই শিশুরা । শুক্রবার এমন এক চাঞ্চল্যকর তথ্যই উঠে এলো সংসদে । তথ্য বলছে, ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত দেশে ৩. ১৮ লক্ষ শিশু নিখোঁজ । বক্তব্য রেখেছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানী। শুক্রবার সংসদে একটি প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, নিখোঁজের সংখ্যা সব থেকে বেশী মধ্য প্রদেশে (৫২,২৭২), তার পর পশ্চিমবঙ্গ (৪৭,৭৪৪) এবং গুজরাটে (৪৩,৬৫৮) । রাজধানী দিল্লীতে এই সংখ্যা ৩৭,৪১৮ কিন্তু কয়েকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল যেমন নাগাল্যান্ড, মিজোরাম, লক্ষদ্বীপ এবং দাদরা-নগর হাবেলি তে নিখোঁজের কোনো তথ্য উঠে আসেনি। তিনি বলেন, নিখোঁজ শিশুদের তথ্য “ট্র্যাক চাইল্ড” এবং “খোয়া-পায়া” নামক ওয়েব পোর্টাল এ পাওয়া গেছে যেগুলো তাদের অনুসন্ধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তথ্য অনুযায়ী, ২০১৪ এর ১লা জানুয়ারি থেকে ২০১৯ এর ৪ঠা ডিসেম্বর পর্যন্ত নিখোঁজের সংখ্যা ৩,১৮,৭৪৮।
স্মৃতি ইরানী বলেন, “দিল্লী পুলিশের সহযোগিতায় ‘কমন সিকিওর ফাইল ট্রান্সফার প্রোটোকল’ নামক সার্ভার এর সাহায্যে ‘ট্র্যাক চাইল্ড’ এ ২০১৮ এর ১৬ই মে থেকে দেশজুড়ে নিখোঁজ শিশু, উদ্ধার করা শিশু, বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং অপ্রতিষ্ঠানিক সংস্থার শিশুদের ছবি ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছে, যার মাধ্যমে নিখোঁজ শিশুদের চিহ্নিত করা যাবে”।
