নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ৮ সেপ্টেম্বর’১৯ :-

গোটা দেশ যেখানে একযোগে প্রার্থনা করেছে ,সেখানে ফল যে মিলবেই ,তাতে বিশ্বাস ছিল ইসরোর । তীরে এসে হারিয়ে গিয়েছিল এগারো বছরের সাধনা । কিন্তু হাল ছাড়ে নি ইসরো । শেষ অবধি খোঁজ মিলল সিগনাল হারিয়ে যাওয়া ল্যান্ডার বিক্রমের। অরবিটারের ক্যামেরায় ধরাও পড়ল ছবি। রেডিও যোগাযোগের চেষ্টা চলছে, জানালেন ইসরো চেয়ারম্যান কে শিবন।
প্রতীক্ষার প্রহর শেষ হয়নি। আশা ছাড়েনি ইসরো। ভরসা রেখেছিলেন ইসরো কর্তা কে শিবন। গত ২৪ ঘণ্টায় মনিটরে চোখ রেখে বসেছিলেন মহাকাশবিজ্ঞানীরা। সম্ভাবনা ছিল বার্তা পাঠাতে পারে অরবিটার। রবিবার সকালে (ভারতীয় সময়) সেই অরবিটারই খুঁজে বার করল বিক্রমকে। ইসরো জানিয়েছে, অরবিটারের পাঠানো অপটিক্যাল ইমেজে দেখা গেছে চাঁদের বুকে অক্ষত অবস্থাতেই আছে বিক্রম। তার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
শুক্রবার রাত ১টা ৫৫মিনিটে সফট ল্যান্ডিংয়ের আগেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ‘টাচ ডাউন’-এর শেষ ১৫ মিনিট বেড়ে দাঁড়ায় আধ ঘণ্টায়। উৎকণ্ঠায় হই চই শুরু হয়ে যায় ইসরোর মিশন কন্ট্রোল রুমে। ভেঙে পড়তে দেখা যায় ইসরো কর্তা কে শিবনকে। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়, এখনও ভরসা হারায়নি ইসরো। বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে জোরকদমে। চাঁদের কক্ষপথে বসানো অরবিটারই খুঁজে বার করতে পারে তাকে।
কে শিবন জানিয়েছেন, অরবিটারের থার্মাল ইমেজে ধরা পড়েছে বিক্রমের ছবি। তার শরীরের ভিতরে প্রজ্ঞানও অক্ষত অবস্থাতেই আছে বলে মনে করা হচ্ছে। অরবিটারের মাধ্যমে তার সঙ্গে রেডিও যোগাযোগের চেষ্টা চলছে।