নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২৭ জানুয়ারি’ ২০২০ :-

তবে কি এবার ভারতেও থাবা বসাল চীনের প্রানঘাতী করোনাভাইরাস ? সোমবার বিহারের চীনফেরত এক যুবতীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছে হাসপাতালে । সেই সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে । এবার কি তাহলে ভারতেও শুরু হবে মৃত্যুমিছিল ?
যুবতীকে বর্তমানে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষনের অধীনে রাখা হয়েছে । স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে ইতিমধ্যেই তার রক্তরসের নমুনা পরীক্ষার জন্য পুনের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজি’তে পাঠানো হয়েছে ।
চীনফেরত ওই যুবতীর বয়স ২৯ । চীনের তিনাজিনে গবেষনামূলক কাজের সাথে যুক্ত তিনি । গত সপ্তাহেই সেখান থেকে দেশে ফেরেন এই যুবতী । তার পর তার থেকেই সামান্য সর্দি-জ্বর দেখা দেয় । তার স্বাস্থ্যের কথা জানতে পেরে ওই যুবতীর পুনে নিবাসী বোন সেই কথা স্বাস্থ্য মন্ত্রকের হেল্পলাইন নম্বরে টেলিফোন করে তাদের জানান ।
তারপরেই রবিবার তাকে সরন সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখানে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে রেখে তার চিকিৎসা চলে । সোমবার তাকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সরন সদর হাসপাতালের শল্যচিকিৎসক ডা. মাধবেশ্বর ঝা জানান যে যুবতী ও তার পরিবার কিছুতেই মেডিকেল কলেজে যেতে রাজি ছিলেন না, কিন্তু কর্তৃপক্ষ কোনোরকম ঝুকি নিতে চায়নি ।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় যুবতী জানান যে তিনি সুস্থই আছেন । তার দেহের তাপমাত্রা ৯৭ – ৯৮ ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই রয়েছে । তিনি বলেন যে তাকে একরকম জোর করেই হাসপাতালে ভর্তি করানো হচ্ছে ।