নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭নভেম্বর’১৯:-

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি তালিকায় যোগ হতে চলেছে ভারত পেট্রোলিয়ামের নাম। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এক সর্বভারতীয় নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই দুই সংস্থা বিক্রির কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এই বিষয়টাতে এগোচ্ছি, আশা করছি চলতি অর্থবর্ষের মধ্যেই কাজ সম্পূর্ণ করতে পারব।”
৫৮,০০০ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে বসে আছে এয়ার ইন্ডিয়া। গত অর্থবর্ষে এয়ার ইন্ডিয়ার লোকসান হয়েছে ৪৬০০ কোটি টাকা। অন্যদিকে ভারত পেট্রোলিয়ামের ৫৩.২৯ শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। সেটা পুরোটাই বিক্রি করে দেওয়া হবে। জিএসটি সংগ্রহ যে আশানুরূপ হচ্ছে না, সে কথাও বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দেশের অর্থনীতি বৃদ্ধির হার নিম্নমুখী। বিভিন্ন ক্ষেত্রে চাহিদা কমছে। গ্রামাঞ্চলেও চাহিদা কমেছে বলে ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্টে দেখা গেছে। এই অবস্থায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থনীতিবিদদের একাংশ অবশ্য মনে করছেন, বিশ্ববাজারেই এখন অর্থনীতির শ্লথগতি চলছে। সেই তুলনায় ভারতের অবস্থায় ভাল।