নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ জানুয়ারি’২০২০ :-

দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কের সাথে সাথে এটিএমও বন্ধ থাকবে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউ এফ বি ইউ) এর ডাকে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২০ গোটা দেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধের পাশাপাশি এটিএমও বন্ধ থাকবে বলে জানা গেছে। সর্ব ভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন এর সভাপতি ও পশ্চিমবঙ্গ প্রাদেশিক ব্যাঙ্ক কর্মী সংগঠন এর সাধারন সম্পাদকের দায়িত্বে থাকা রাজেন নাগার জানান যে ভারতীয় ব্যাঙ্ক সমিতির চেয়ারম্যানের সাথে তাদের বৈঠক ফলপ্রদ না হওয়ায় এই দুইদিন তাদের ডাকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাজেন নাগার বলেন, “ভারতীয় ব্যাঙ্ক সমিতির চেয়ারম্যান আমাদের বেতনবৃদ্ধির দাবী মানলেও সপ্তাহে ৫দিন কাজ করার দাবী এবং অন্যান্য কিছু দাবী মানেননি।”
নাগারের মতে, সমস্ত এটিএম এর গার্ডরা কাজ থেকে বিরত থাকবেন জন্য এটিএম গুলোও বন্ধ থাকবে। তিনি বলেন, “এটিএম কর্মীরা যেহেতু পশ্চিমবঙ্গ প্রাদেশিক ব্যাঙ্ক কর্মী সংগঠন এর সদস্য তাই তারা এই দুইদিন কাজ থেকে বিরত থাকবেন। ফলস্বরূপ, এটিএম বন্ধ থাকবে।”
এটিএম এর কাজকর্ম ব্যাঙ্কের সাথে যুক্ত থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকাকালীন এটিএম পরিষেবাতেও ব্যাঘাত ঘটবে বলে জানান তিনি।