নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ সেপ্টেম্বর’১৯:-

ফের শুরু দাপুটে উড়ান। দীর্ঘ সময় পর পাঠানকোট বায়ুসেনা ঘাঁটি থেকে মিগ-২১ যুদ্ধবিমানে আকাশে উড়লেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। কিন্তু এবার একা না, সঙ্গে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। বিএস ধানোয়া এয়ার চিফ মার্শাল এবং মিগ-২১ এর পাইলট। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় সীমান্তে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি পাক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়ে তিনি নিজে পাক অধিকৃত কাশ্মীরে ধরা পড়েছিলেন পাক সেনার হাতে। তারপর সেখানে তার সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি। তারপর বহু কূটনৈতিক কর্মকাণ্ডের শেষে অক্ষত অবস্থায় দেশে ফেরানো হয় তাকে। এবছর ভারত সরকার স্বাধীনতা দিবসে তাঁকে বীর চক্র সম্মান প্রদান করেছে। সম্প্রতি তিনি ফের ওড়ার অনুমতি পেয়েছেন।