নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১আগস্ট’১৯:-

শ্রমিকের মৃত্যুর অভিযোগের ভিত্তিতে, ৭৩ বছর বয়সী ডাক্তারকে পিটিয়ে মারলো চা বাগানের শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে, অসমের জোরহাট জেলার টিওক চা বাগানে। পুলিশ অফিসার রোশনি অপারাঙ্গী কোরাতি জানিয়েছেন, দেবেন দত্ত নামে ৭৩ বছর বয়সী ডাক্তারকে মারধোর করে চা বাগানের কিছু শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, দরকারের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না দেবেন দত্ত নামে ডক্টর। সোমরা মাঝি নামে এক ব্যক্তি, সেই হাসপাতালে ভর্তি ছিলেন গুরুতর অসুস্থ অবস্থায়। কর্তব্যরত নার্সরা সোমরা মাঝিকে স্যালাইন দিলেও তাকে বাঁচানো যায়নি বলেও অভিযোগ করেন সোমরা মাঝির আত্মীয় ও পরিচিতরা।
পুলিশ জানিয়েছেন, দুপুর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালে আসেন ডাক্তারবাবু দেবেন দত্ত। ডক্টর দত্ত হাসপাতালে ঢুকতেই শ্রমিকরা তাঁর উপর চড়াও হন, একটি ঘরে আটক করে রেখে মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কোনমতে উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।
সূত্রের খবর, ডাক্তর দত্ত অবসর নেওয়ার পর চা-বাগানের অতিরিক্ত দায়িত্বে ছিলেন তিনি।সেখানকার সবচেয়ে পুরোনো অভিজ্ঞ ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন তিনি। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা জুড়ে ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে।