নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫সেপ্টেম্বর’১৯:-

বলিউডের খ্যাতনামা শিল্পী অমিতাভ বচ্চন। আট থেকে আশি ,তাকে চেনে না, এমন লোক নেই বললেই চলে। অমিতাভ বচ্চনের মুকুটে জুড়ছে নতুন পালক। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়কর সম্প্রতি টুইটে করে জানিয়েছেন ” দাদা সাহেব ফালকে” পুরস্কার পাচ্ছে শাহেনশা। তিনি সেইসঙ্গে শাহেনশাকে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি আরো জানান, দেশ ও আন্তর্জাতিক স্তরে দুই প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন অমিতাভ বচ্চন। ১৯৬৯ সালে “সাত হিন্দুস্থানী” ছবি করেই বলিউডে পা রাখেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবি উপহার দিয়েছেন তিনি। শাহরুখ খানের প্রযোজনায় বদলা ছবিতে শেষ দেখা গিয়েছে তাকে এছাড়া ৭৬ বছর বয়সেও সিনেমা ছাড়া ছোটপর্দার কাজ ও সঞ্চালনা করে চলেছেন।
অভিনয়ের জন্য এর আগেও তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন। ১৯৮৪ সালে পদ্মশ্রী, ২০০১সালে পদ্মভূষণ এবং ২০১৫ সালে পদ্মবিভূষণ এবং ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য নাইট অফ দ্য লেজিও (২০০৭) পেয়েছেন অমিতাভ বচ্চন। এছাড়া ‘অগ্নিপথ’, ‘পা’ এবং ‘পিকু’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার, ১৭টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও পাঁচটি আইফা অ্যাওয়ার্ড রয়েছে তার দখলে। তার এই পুরস্কারের খবর চাউর হতেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন বিভিন্ন নামিদামি ব্যক্তিত্ব।
