নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ অক্টোবর ২০২৪ :-

কর্মক্ষেত্রে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে সবচেয়ে দ্রুত ও সুলভ মূল্যে উত্তম মাধ্যম হলো লোকাল ট্রেন। প্রতিদিন কর্মসংস্থানে যাওয়ার জন্য অগণিত মানুষ ট্রেন ধরার জন্য অপেক্ষা করেন। একেকটি ট্রেনের কামরায় এত পরিমাণ ভিড় হয় যে, কোনো কারণে ট্রেন ধরতে না পারলে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে কর্মস্থলে পৌঁছানো দেরি হয়ে যাওয়ার চিন্তা হয়ে যায়।
পূর্ব রেলের তরফে লোকাল ট্রেনের জন্য যে নতুন নিয়ম চালু করা হলো তাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বৈকি কমবেনা! আজ থেকেই লোকাল ট্রেনের স্টপেজ টাইমিং কমিয়ে আনা হলো। এতদিন পর্যন্ত একটি স্টেশনে যাত্রী ওঠানামার জন্য সময় বরাদ্দ থাকতো ৪০ থেকে ৫০ সেকেন্ড, তবে শুক্রবার থেকে নতুন নিয়ম হলো ট্রেনের স্টপেজ টাইম থাকবে মাত্র ৩০ সেকেন্ড। এই টাইমের মধ্যেই ট্রেনে ওঠা ও নামা সেরে ফেলতে হবে যাত্রীদের।
সকাল ও সন্ধ্যার দিকে যে পরিমাণ ভিড় হয় লোকাল ট্রেনে, বিশেষ করে কর্মরত যাত্রীদের ভিড়ের জন্য ট্রেনে ওঠাই মুশকিল হয়ে পড়ে, সেখানে ট্রেনের কামরায় ওঠানামার জন্য মাত্র ৩০ সেকেন্ড সময় অনেকটাই কম। ফলে যাত্রীদের আরো ভোগান্তি বাড়বে বলেই মনে করছেন সাধারণ মানুষজন।
পূর্ব রেল কর্তৃপক্ষের কথা অনুযায়ী, এমন নিয়ম করার কারণ একএকটি স্টেশনে ট্রেনগুলোকে ৪০ থেকে ৫০ সেকেন্ড দাঁড় করানোর ফলে গন্তব্যস্থলে পৌঁছাতে ট্রেনগুলোর অনেক বেশি সময় লেগে যায় । তাই যাতে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যায়, সেজন্য স্টপেজ সময় কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।