থানার ভেতর মৃত্যু এক ব্যক্তির : নিশানার তীর তিন পুলিশকর্মীর দিকে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ ফেব্রুয়ারি’ ২০২০ :-

থানার ভেতর ব্যক্তির মৃত্যুকে ঘিরে ছড়াল উত্তেজনা। থানার দায়িত্বে থাকা তিন পুলিশকর্মীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল লালবাজার থানা। কলকাতার সিঁথি থানায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে সোমবার উত্তেজনা ছড়িয়েছিল। সূত্রের খবর, রাজকুমার সাউ নামে এক ব্যক্তিকে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছিল। সোমবার সন্ধ্যায় পুলিশি জেরা সহ্য করতে না পেরে
সিঁথি থানাতেই মৃত্যু হয় রাজকুমার সাউ এর। এই মৃত্যুর জন্য সিঁথি থানার বিরুদ্ধে অকথ্য অত্যাচারের অভিযোগ আনে মৃতের পরিবার। যদিও এই অভিযোগ মানতে নারাজ সিঁথি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি অসুস্থ ছিলেন এবং হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশের কথা মানছে না মৃতের পরিবার। এরপর তারা থানায় ভাঙচুর চালায় এবং অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার থানা। অভিযুক্তদের মধ্যে দু’জন ওই থানার সাব ইনস্পেক্টর আর একজন সার্জেন্ট।
তদন্ত চলাকালীন ওই তিনজন পুলিশকর্মীকে নিষ্ক্রিয় থাকতে নির্দেশ দিয়েছে লালবাজার থানা। অর্থাৎ কোনও পুলিশি কাজে ব্যবহার করা যাবে না ওই তিনজনকে। এদিকে, এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে হাইকোর্টে একটা মামলা রুজু করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার বলেছেন, “একটা বিশেষ তদন্ত শুরু হয়েছে। কিন্তু লালবাজারের কর্তারা কিছু বলতে নারাজ।”
এদিনের শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ময়না তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!