নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ফেব্রুয়ারি’ ২০২০ :-

রাজ্য তথা দেশের অর্থনীতিকে উন্নত করতে কেন্দ্রের সাথে মিলে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর। বিভিন্ন রাজ্য ও দেশের অর্থনৈতিক সঙ্কট দূর করতে রাজনৈতিক প্রতিহিংসা সরিয়ে বিরোধী দলগুলোর সাথে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে একসাথে কাজ করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের বাজেট ঘোষনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে ঠিক রাখতে সকলের উচিত একসঙ্গে কাজ করা। প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী দলগুলির সঙ্গে কথা বলা উচিত।
প্রসঙ্গত, এবারের রাজ্য বাজেট ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট।
অর্থনৈতিক সঙ্কট সম্পর্কে রিজার্ভ ব্যাঙ্কের করা মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়টির দিকে নজর দেওয়া।
তিনি বলেন, ‘‘আরবিআই যা বলেছে তা স্পর্শকাতর বিষয়। কেন্দ্রীয় সরকারের উচিত ঘৃণার রাজনীতি না করে বিষয়টির দিকে নজর দেওয়া। প্রধানমন্ত্রীর উচিত সকলকে একসঙ্গে নিয়ে চলা। প্রয়োজনে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা।”
এছাড়াও, মুখ্যমন্ত্রী অভিযোগ এনে বলেন, কেন্দ্রীয় সরকার এখন আর কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে না।
এদিনের রাজ্যের বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট জনমুখী। মানুষের প্রয়োজনের কথা ভেবে এই বাজেট করা হয়েছে বলে জানান তিনি।