নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ ফেব্রুয়ারি’২০২০ :-

নাবালিকাকে মদ খাইয়ে গণধর্ষণ। ১২ বছরের এক নাবালিকাকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল পর্ণশ্রী থানা এলাকার চার যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার পর্ণশ্রী থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই কিশোরী নিজেই পর্ণশ্রী থানায় গিয়ে জানায়, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে চার যুবক। বৃহস্পতিবার রাতে মোমিনপুর এলাকায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। সেখান থেকে তার এক বন্ধু তাকে একটি বাড়িতে নিয়ে যায়। কিশোরীর অভিযোগ, ওই বাড়িতে আগে থেকে উপস্থিত থাকা তিন যুবক ও তার বন্ধু তাকে জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। শুক্রবার সকালে তার জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বাবা থানায় তার মেয়ের নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন। কিশোরীর বাবা বৃহস্পতিবার রাতে অভিযোগ করেন যে, তাঁর মেয়ে সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল কিন্তু তার পর আর বাড়ি ফেরেনি।
কিশোরীর অভিযোগ পেয়েই পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করে এবং বিকালের মধ্যেই ওই চার অভিযুক্তকে গ্রেফতার করে। চার অভিযুক্তের বিরুদ্ধে গনধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।