নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ ফেব্রুয়ারি’ ২০২০ :-

বধূ নির্যাতনের মামলা প্রত্যাহার না করায় স্ত্রীকে গলা কেটে খুন করলেন স্বামী। বীরভূমের মল্লারপুরের বাসিন্দা পল্টু দাসের বিরুদ্ধে তার স্ত্রী পিঙ্কি দাসকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, স্বামী পল্টু দাসের সঙ্গে পিঙ্কি দাসের বিয়ের চুক্তি না হওয়ায় গত তিন বছর ধরে ৬ বছরের মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে একাই থাকতেন পিঙ্কি দাস। তার আগে রামপুরহাট আদালতে বধূ নির্যাতনের মামলাও করেছিলেন পিঙ্কি দাস।
প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন থেকে তার স্বামীর দেখা না পাওয়া গেলেও সম্প্রতি পিঙ্কি দাসের ভাড়া বাড়িতে যাতায়াত শুরু করেছিলেন পিঙ্কির স্বামী পল্টু দাস। অভিযোগ, অনেকদিন থেকেই স্ত্রীকে বধূ নির্যাতনের মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। শুক্রবার ভোরে শিশু কন্যার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে পিঙ্কির গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। বধূ নির্যাতনের মামলা প্রত্যাহার না করায়, পল্টু দাসই তার স্ত্রীকে খুন করেছে বলে অভিযোগ। স্বামী নাকি অন্য কোনও পরিচিত ব্যক্তির হাত খুন হয়েছেন ওই মহিলা, তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যাওয়ায়, স্বামীর প্রতি সন্দেহ গাঢ় হয়েছে পুলিশের।