প্রয়াত বিশিষ্ট অভিনেতা তাপস পাল : স্তব্ধ টলিউড |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ফেব্রুয়ারি’২০২০ :-

প্রয়াত হলেন বাংলার বিশিষ্ট অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পাল। ৬১ বছর বয়সী এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, মেয়ে সোহিনীর সঙ্গে দেখা করে ফেরার পথে মুম্বই বিমানবন্দরেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় সেখানকার একটি বেসরকারী হাসপাতালে।
উল্লেখ্য, গত দু’বছর ধরে হৃদরোগে ভুগছিলেন তাপস পাল। বেশ কয়েকবার চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কৃষ্ণনগরের দু’বারের সাংসদ এবং আলিপুর থেকে নির্বাচিত হওয়া বিধায়ক তাপস পাল ২০১৬ সালে রোজ ভ্যালি চিট-ফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এবং সিবিআই কর্তৃক গ্রেফতারও হতে হয় তাঁকে। এরপরেই ছবির দুনিয়া থেকে সরে যান তিনি। গ্রেফতারির ১৩ মাস জামিনে মুক্ত হন তাপস পাল।
প্রসঙ্গত, চোখমুখের সরলতা ও নিষ্পাপ হাসি দিয়ে তরুণ মজুমদারের ছবি ‘দাদার কীর্তিতে’ প্রথম অভিনয় করেই মানুষের মনকে জিতে নিয়েছিলেন তাপস পাল। ছবিতে তার বিপরীতে ছিলেন সেই সময়ের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা মহুয়া রায়চৌধুরী। তাপস পাল এবং মহুয়া রায়চৌধুরী অভিনীত ‘সাহেব’, ‘পারাবত প্রিয়া’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘আশীর্বাদ’ ছবিগুলি তাঁদের সময়ের ব্লকবাস্টার হিট।

Leave a Reply

error: Content is protected !!