নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ নভেম্বর ২০২৪ :-

রাস্তা তৈরির সময় অন্য দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেলো এক শিশুর গায়ে। মর্মান্তিক এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়া বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকায়।
জানা যাচ্ছে, বেশ অনেকদিন ধরেই এখানে রাস্তা তৈরীর কাজ হচ্ছিল। ওই এলাকার বাসিন্দা ওই শিশুটি, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি ধান বোঝাই ইঞ্জিনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির গায়ে পড়ে যায়।
এই ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা শিশুটি উদ্ধারে হাত লাগায়। পরবর্তীতে পুলিশ এসে শিশুটিকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। একরত্তি শিশুর মৃত্যুতে সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।