মর্মান্তিক! ওড়িশা থেকে কলকাতাগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২ জনের | The 4th Column

মর্মান্তিক! ওড়িশা থেকে কলকাতাগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২ জনের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ অক্টোবর ২০২৫ :-

— প্রতীকী ছবি

ভোরের আলো ফোটার আগেই নেমে এল ঘোর অন্ধকার। ওড়িশা থেকে কলকাতার বাবুঘাটগামী একটি যাত্রীবাহী বাস (ডলফিন ট্রাভেলস) ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার গভীর রাতে ওড়িশার জলেশ্বর থানার অন্তর্গত লক্ষ্মণনাথ টোলগেটের সামনে ১৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি।
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের চাল-ক ও খালাসি, যাঁর নিথর দেহ উদ্ধার করতে পুলিশকে বাসের কাটা অংশ সরাতে হয়। এই মর্মান্তিক ঘটনায় বাসে থাকা প্রায় ৬০ জন যাত্রীর মধ্যে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালকের অনিদ্রাজনিত ক্লান্তি বা চোখ লেগে আসার ফলেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। একটি উৎসবের মরসুমে বাড়ি ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা বহু পরিবারের আনন্দ কেড়ে নিল। পুলিশ ও স্থানীয় প্রশাসনের দ্রুত উদ্ধারকাজে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, চালক ও খালাসীর অকালমৃত্যু এবং আহত যাত্রীদের যন্ত্রণায় শোকের আবহ এলাকা জুড়ে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!