নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১১ অক্টোবর’১৯:––

আত্রেয়ী নদীতে বাংলাদেশের রবার ড্যাম ইস্যুতে বাংলাদেশকে অবগত করল ভারত সরকার । সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রালয় থেকে একটি চিঠি দিয়ে বালুরঘাটের সাংসদকে এই বিষয়টি জানানো হয়েছে । চিঠিতে বলা হয়েছে, কিছুদিন আগে ঢাকাতে অনুষ্ঠিত দুই দেশের জল সম্পদ মন্ত্রকের সেক্রেটারীদের বৈঠকে আত্রেয়ী নদীর উপর বাঁধ নির্মান এবং ক্রমাগত নদী শুকিয়ে যাওয়ার বিষয় উত্থাপন করা হয় । ভারতের দাবী খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বাংলাদেশের তরফে । বিষয়টি গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যেতে একটি কমিটি তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে । জানাগেছে, খরার মরসুমে ওই কমিটির সদস্যরা নদী পর্যবেক্ষন করে দেখেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ।
উল্লেখ্য, সম্প্রতি বালুরঘাটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উৎসাহ’এর আয়োজিত একটি সেমিনারে যোগ দিয়ে আত্রেয়ীর উপর বাংলাদেশের রবার ড্যামকে হাইড্রো বোমার সাথে তুলনা করে বাংলাদেশ সরকারকে বিঁধেছিলেন ভারতের জল পুরুষ বলে পরিচিত তথা ম্যাগ সাই সাই পুরুস্কার প্রাপ্ত ডঃ রাজেন্দ্র সিং । যার পরেই বাংলাদেশের ঢাকায় আয়োজিত দুই দেশের জল সম্পদ মন্ত্রকের সেক্রেটারিদের বৈঠকেও উঠেছে সেই বিষয় । যদিও বিষয়টি নিয়ে ১ জুলাই লোকসভার জিরো আওয়ারে সংসদে আলোচনা করেছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, আত্রেয়ী নদীতে বাংলাদেশের রবার ড্যাম ইস্যুতে সংসদে বক্তব্য পেশ করেছিলেন তিনি । যার পরেই দুই দেশের আলোচনায় উঠে এসেছে আত্রেয়ী প্রসঙ্গ । রাবার ড্যাম বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ । এই কাজে একটি কমিটি গড়ার প্রস্তাব দিয়েছে দুই দেশের আধিকারিকরা ।