নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

আপনি ভূত বিশ্বাস করেন ? বিশ্বাস করেন এই জগতে আমাদের চারপাশে রক্তমাংসের প্রাণী, সবুজ গাছপালা ছাড়াও রয়েছে কিছু অশরীরী ? যদি বিশ্বাস করেন তাহলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন : আচ্ছা ভূত ঠিক কি জিনিস ? শোনা যায় তারা নাকি অশরীরী । তাহলে তারা আবার চাইলেই ইচ্ছেমতো শরীর ধারণ করতে পারে ? আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন : ভূতের কি ছবি তোলা যায় ?
আর আপনি যদি বিশ্বাস না করেন, যদি আপনি খুব বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী হয়ে থাকেন তাহলে দেখুন তো এই ছবিটার কোনো বিজ্ঞানভিত্তিক যুক্তি খুঁজে পান কিনা ! কারণ এবার যে ভূতের ছবি পাওয়া গেছে ! ইন্টারনেটে রীতিমতো ঘুরছে সেই ছবি । আর যিনি পোস্ট করেছেন তাঁর দাবি এটি তাদের ‘পারিবারিক ঘোস্ট পিকচার’ !
লিন্ডা নামে এক ভদ্রমহিলা ইন্টারনেটে ১০০ বছর পুরনো একটি ছবি আপলোড করেন । ছবিটি তার দিদার যৌবনকালের, যখন তিনি একটি কাপড় কলে কাজ করতেন । ছবিতে দেখা যাচ্ছে লিন্ডার দিদা এলেন ডনেলী ও তার সঙ্গী কয়েকজন মেয়ে দল বেধে কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে । উল্লেখ্য, মেয়েদের সবারই হাত বুকের কাছে ভাজ করে রাখা । কিন্তু এলেনের ডান কাধে রাখা একটি হাত ! স্পষ্ট দেখা যাচ্ছে হাতের চারটি আঙ্গুল । অথচ সারির একদম শেষে বসে থাকা এলেনের বামদিকে তো আর কেউ নেই !

আপনি বলতেই পারেন এ হালফিলের ফটোশপ । এইরকম ছবি নতুন নয় । খবরের কাগজে, ম্যাগাজিনের পাতায় এরকম আগেও দেখা গিয়েছে । যুক্তিটি উড়িয়ে দেওয়া যায় না ঠিকই । কিন্তু লিন্ডা এই ছবি আপলোড করে নিজেই যে লিখেছেন তিনি ভূতে বিশ্বাস করেননা; কিন্তু এই ছবিটার কারণে তাদের সাথে কিছু ‘অদ্ভুত’ ঘটনা ঘটে । লিন্ডা চান না এই ভূতুড়ে ছবির জন্য আর কারও সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটুক ।